![]() |
| অবরোধের কারণে শাহবাগ মোড়ের চারপাশের রাস্তায় তীব্র যানজট তৈরি হয় |
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন হাজার হাজার শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী।
বুধবার বেলা আড়াইটায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ, ভিসি চত্বর, রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর হয়ে হাই কোর্টের সামনে দিয়ে মৎস্য ভবন ঘুরে শাহবাগ এসে অবস্থান নেয়।
শাহবাগ মোড়ের চারপাশের রাস্তায় তীব্র যানজট তৈরি হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন: ‘১৮ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার,’ ‘কোটা না মেধা, মেধা মেধা,’ ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে,’ ‘১৮ এর পরিপত্র পুনর্বহাল করতে হবে,’ ‘সংবিধানের মূল কথা সুযোগের সমতা,’ ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক'।
দেড় ঘণ্টা অবস্থানের পর বিকাল সোয়া ৫টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড় থেকে সরে যান।
শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, “গত ৫ জুন হাইকোর্টের রায়ের পর থেকে আমাদের আন্দোলন চলমান। আমরা মাঝখানে আল্টিমেটাম দিয়েছিলাম, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমাদের আবারও রাজপথে নেমে আসতে হয়েছে।
"আমরা স্পষ্ট বলে দিতে চাই, কোটা নিয়ে আগামীকাল (বৃহস্পতিবার) হাই কোর্টের আপিল বিভাগে শুনানি হবে। আমরা আশা করব, সেই শুনানি শিক্ষার্থীদের পক্ষে হবে। আমরা যে চার দফা দিয়েছি, তার প্রথম দফা যেন আগামীকালের মধ্যেই পূরণ করা হয়। প্রথম দফা শেষে আমাদের বাকি দফাগুলো যাতে পর্যায়ক্রমে পূরণ করা হয়।"
বৃহস্পতিবার আবারও কর্মসূচি ঘোষণা দিয়ে নাহিদ বলেন, “আগামীকাল সকাল ১১টায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নেব এবং যতক্ষণ না আমাদের পক্ষে রায় আসছে, আমাদের প্রথম দফা পূরণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব।"


0 Comments